যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যটির সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে স্থান পেল ইসলাম ধর্মের প্রধান দুই উৎসব—পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা। ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতা ও স্থানীয় মুসলিম কমিউনিটির দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই আদেশের ফলে এখন থেকে ক্যালিফোর্নিয়ার সরকারি দপ্তরে কর্মরত মুসলিম কর্মীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাদের প্রধান এই দুটি উৎসব পালন করার জন্য বিশেষ ছুটির সুবিধা ভোগ করতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, বহুসাংস্কৃতিক সমাজ বিনির্মাণ এবং বৈচিত্র্যকে সম্মান জানানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হচ্ছিল। অবশেষে মার্কিন মুলুকে মুসলিমদের এই ন্যায্য অধিকারের স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিসহ সকল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
বিশ্লেষকরা মনে করছেন, ক্যালিফোর্নিয়ার এই উদ্যোগ অন্যান্য অঙ্গরাজ্যগুলোর জন্যও একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। এর মাধ্যমে মার্কিন সমাজে ধর্মীয় সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্ত শুধু ছুটির তালিকায় অন্তর্ভুক্তি নয়, বরং এটি মার্কিন মূলধারার সংস্কৃতিতে মুসলিমদের অবদান এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের মর্যাদাপূর্ণ স্বীকৃতির এক অনন্য বহিঃপ্রকাশ।
আরববাংলা টিভি/ডেস্ক