কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত-সংলগ্ন চড়ুইকুড়ি মরার চর গ্রামে এ অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আকস্মিক গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক