প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর চর। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা ধবধবে সাদা কাশফুল শরতের সৌন্দর্যকে করেছে আরও মনোমুগ্ধকর। কাশফুলের এই মায়াবী সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। প্রতিদিন বিকেলে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা এখানে ছুটে আসছেন প্রকৃতির এই রূপ উপভোগ করতে।
টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর এই চরের সৌন্দর্য স্থানীয় লোকজনের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের নজর কেড়েছে। শরৎকালের নীল আকাশ আর সাদা মেঘের ভেলার সাথে নদীর চরের এই কাশবন এক অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলছেন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন। স্থানীয় যুবকরাও এই সৌন্দর্য দেখতে আসা মানুষের নিরাপত্তায় ও পরিবেশ রক্ষায় সচেষ্ট রয়েছে।
পরিবেশবাদীদের মতে, নদীর এমন চরগুলো সংরক্ষণ করলে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পায়, অন্যদিকে স্থানীয় পর্যটনের বিকাশ ঘটে। এই নৈসর্গিক দৃশ্য দেখতে আসা পর্যটকরা চরের যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন, যাতে আরও বেশি মানুষ এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক