প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। তিনি এই গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সংসদ ভবন এলাকার সার্বিক পরিবেশ উন্নত ও সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এই দিকনির্দেশনা দেন। এ সময় সংসদ ভবনের বিভিন্ন স্থাবর সম্পত্তি, সবুজ চত্বর এবং অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন তিনি। দেশের সর্বোচ্চ আইনসভা এবং এর আশেপাশের পরিবেশ যেন সবসময় সুন্দর ও সুশৃঙ্খল থাকে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার পরামর্শ দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের খোঁজখবর নেন। অতীতে এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা হয়ে থাকলে তা দূর করে একটি আধুনিক ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এ সময় সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন, যারা প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো নোট করে নেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আরববাংলা টিভি/ডেস্ক