বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেতা-নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ জুটির সংসার।

অনির্বাণ-মধুরিমার সংসার ভেঙে যেতে যাওয়ার খবরে ছয়লাব সোশ্যাল মিডিয়া। সত্যতা জানতে অনির্বাণের স্ত্রী মধুরিমার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন।

কথার শুরুতে প্রশ্ন ছুড়ে দিয়ে মধুরিমা বলেন, ‘এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে।’

মধুরিমার এ বক্তব্যের পরও পুনরায় বিয়েবিচ্ছেদের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একেবারেই না। আমার কিন্তু আপনার প্রশ্নটা খারাপ লাগেনি। বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত এই ফোনটা এলে। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না। বরং খোলাখুলি বলতে চাইছি যে, পুরোটাই গুজব।’

তা হলে বিবাহবিচ্ছেদের গুজব কেন শুরু হলো? মধুরিমা বলেন, ‘এটা যে কেন রটেছে বলতে পারব না। খালি এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয়।’

এবারই প্রথম নয়, গত বছরও এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিল, ‘দু’জনের দূরত্বের কথা অনেকেই এখন জানেন বা অনুভব করছেন।’ এ গুঞ্জনের সত্যতা নিয়ে মধুরিমা বলেছিলেন, ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ তারপর সময়ের সঙ্গে এ দম্পতির বিচ্ছেদের খবর ভাটা পড়ে যায়।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২০ সালের ২৬ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন অনির্বাণ-মধুরিমা। কলকাতার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। তিনি নিজেও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। তার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের সঙ্গে একত্রে নাট্য প্রযোজনায় কাজও করেছেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান অনির্বাণ ভট্টাচার্য। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ঈগলের চোখ’, ‘আরশি নগর’, ‘কলকাতায় কলম্বাস’, ‘ধনঞ্জয়’, ‘দেবী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD