২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়। সেদিন শান্তিকামী মানুষের ওপর লগি-বৈঠা নিয়ে বর্বর হামলা চালানো হয়েছিল। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এই নৃশংসতার পেছনে সরাসরি জড়িত ছিল বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, সেই হত্যাকাণ্ডের সঠিক বিচার আজও নিশ্চিত করা যায়নি। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। অবিলম্বে তৎকালীন খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।
স্মরণ সভায় জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। পরিশেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক