বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার যাত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে হঠাৎ বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৫৩টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এই আকস্মিক ফ্লাইট বাতিলের ঘটনায় চরম ভোগান্তির শিকার হয়েছেন ২২ হাজার ৬৩৬ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্যে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এবং নির্দিষ্ট বিমানবন্দরে অতিরিক্ত ভিড় ও অপারেশনাল জটিলতার কারণে সৌদি কর্তৃপক্ষ এই বিধিনিষেধ আরোপ করে। এর প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকস্মিক এই পরিবর্তনে ফ্লাইটের টিকিট কেটেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে বিমানবন্দরেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে একসাথে এত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় এবং ২২ হাজারের বেশি যাত্রী আটকা পড়ায় বিমানবন্দরের লাউঞ্জ ও টার্মিনালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। ভুক্তভোগী যাত্রীরা দ্রুত এই সংকট নিরসন করে তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD