বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নির্বাচনের পর এফডিসিতে গিয়ে যে ঘোষণা দিলেন ডিপজল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। নির্বাচনের পর রোববার (২১ এপ্রিল) এফডিসিতে গিয়েই শিল্পীদের জন্য ফ্রি চিকিৎসার ঘোষণা দাপুটে এই অভিনেতা।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবার সুবিধা দেওয়া। আগামী ২৩ তারিখের পর সপ্তাহে দুই দিন চিকিৎসক আসবেন শিল্পী সমিতিতে। শুধু চিকিৎসা নয়, শিল্পীদের ফ্রি ওষুধও দিব আমরা। এটাই আমাদের প্রথম কাজ। এরপর পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাল্লাহ।

দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে। অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ ভোট কম পেয়ে মিশা-ডিপজলের কাছে হেরে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। গত ২০ এপ্রিল সকালে ৬টা ৪৫ মিনিটের দিকে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেছিলেন, আমরা সবাই মিলে এক থাকতে চাই। কোনো ভাগাভাগি চাই না। নির্বাচনে হার-জিত বড় কথা না। নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে। তাকে আমি মেয়ের মতোই আদর করি।

শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

গত ১৯ এপ্রিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি বছর শিল্পী সমিতির নির্বাচনে ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD