ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসী যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরজুড়ে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হলো। সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের বলেছেন শীর্ষস্থানীয় ইরানি সামরিক কর্মকর্তারা। তারা জানান, যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনীতিতে এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতির বিপরীতে ইরানের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলতে পারে। মার্কিন পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নানা সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক