রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। তিনি প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন যে তার মন্ত্রণালয়ের অধীনে বা দেশের কোথাও কারও বিরুদ্ধে মামলা হয়েছে, তবে তিনি কতটা বিচ্ছিন্ন অবস্থায় দায়িত্ব পালন করছেন?
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই ঘটনা তারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সালমান মুক্তাদির জানিয়েছেন, তার ওপর চলা নিপীড়ন এবং স্টুডিওতে হামলার ঘটনায় তিনি সুবিচার চান। কিন্তু প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে যখন উদাসীন বা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আসে, তখন তা সাধারণ নাগরিকের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তোলে।
সাংবাদিকদের এই কনটেন্ট ক্রিয়েটর আরও জানান, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে এবং তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে ভিন্নমতের মানুষদের ওপর দমনপীড়ন চালানো হতো, এখনো তার রেশ রয়ে গেছে। অথচ কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন যেমন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকর নিষিদ্ধ যুবলীগের ক্যাডার বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলেও প্রশাসনের অনেক কর্মকর্তা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন।
বিশ্লেষকরা মনে করছেন, সালমান মুক্তাদিরের এই ক্ষোভ কেবল একটি ব্যক্তিগত স্টুডিও ভাঙচুরের ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সামগ্রিক প্রশাসনিক স্থবিরতা ও জবাবদিহির অভাবের একটি বড় প্রতিফলন। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক