ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সামরিক তৎপরতা ঠেকাতে ইরানের ওপর প্রভাব খাটানোর জন্য চীনের কাছে অনুরোধ করেছে সৌদি আরব। এরপর বেইজিং ব্যক্তিগতভাবে তেহরানকে হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সৌদি আরব ও ইরানের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের বরফ গলার পর থেকেই বেইজিং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করায় বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব চীনের সহযোগিতা চেয়েছিল যাতে তেহরান তাদের মিত্র হুতিদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে।
বিশ্লেষকদের মতে, চীনের অর্থনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বেইজিং তাই তেহরানের সঙ্গে তাদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই সংকটের একটি কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করছে। তবে এই বিষয়ে ইরান বা চীন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য না করলেও আঞ্চলিক শান্তি রক্ষায় উভয় দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক