ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা সড়কটি দীর্ঘ ৪০ বছরেও সংস্কার করা হয়নি। অনুন্নয়ন ও অবহেলার এই দীর্ঘ ইতিহাসে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এতে খানাখন্দে ভরা সড়কে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ২০০ পরিবারের ছয় শতাধিক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষাকালে এই সড়কটির অবস্থা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে পথচারী ও যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক পালাবদল ঘটলেও দক্ষিণ চন্দনা গ্রামের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এলাকার উন্নয়নে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল, বাস্তবে কোনো কাজ হয়নি। চিকিৎসাসেবা কিংবা জরুরি প্রয়োজনে এই ভাঙা রাস্তা দিয়েই চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে জনদুর্ভোগের এই রাস্তাটি সংস্কার করে পাকাকরণ করা হোক। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
আরববাংলা টিভি/ডেস্ক