মহারাষ্ট্রের নাসিকে এক অভিনব ও চাঞ্চল্যকর কায়দায় প্রতিবাদ জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে সরাসরি ঢুকে তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি পথকুকুর। সাম্প্রতিক সময়ে এলাকায় পথকুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই স্থানীয় যুবসেনা নেতাকর্মীরা এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেন। কার্যালয়ের ভেতরে হঠাৎ কুকুর ছেড়ে দেওয়ায় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, এলাকায় পথকুকুরের দৌরাত্ম্যে সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। কিন্তু বারবার অভিযোগ করা সত্ত্বেও নিফাড নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। ঘটনার দিন যুবসেনার একটি প্রতিনিধি দল প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের সঙ্গে দেখা করতে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা বাইরে থেকে কয়েকটি পথকুকুর ধরে সোজা কর্মকর্তার কক্ষে নিয়ে প্রবেশ করে এবং তার টেবিলের ওপর ছেড়ে দেয়।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন এবং দ্রুত পথকুকুর নিয়ন্ত্রণের দাবি জানান। আকস্মিক এই ঘটনায় প্রধান কর্মকর্তা ধীরজ ভামর হতবাক হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। যুবসেনার এই অভিনব প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রশাসনের এমন স্থবিরতার অবসান দাবি করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক