জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার সড়ক সংস্কারকাজ হঠাৎ বন্ধ থাকায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে এ সড়কে যানচলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজার আরএ সড়কটির সংস্কারকাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো নোটিশ ছাড়াই হঠাৎ কাজ বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে কাজটি অসম্পূর্ণ থাকায় সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে মরণঘাতী গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, যার ফলে রিকশা, ভ্যান, অটোরিকশা ও ছোট-বড় ট্রাক যাতায়াতের সময় প্রায়শই উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা গণমাধ্যমকে জানান।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়কটির বাকি সংস্কারকাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন। জনস্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেবে এবং এই যাতায়াত সংকট নিরসন করবে বলে এলাকাবাসী আশাবাদী।
আরববাংলা টিভি/ডেস্ক