চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসাসেবা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের কমতি নেই। কর্তৃপক্ষের অবহেলা, চিকিৎসার মান ও পরিবেশ নিয়ে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ ও সেবা নিতে আসা রোগীরা। দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের পদ শূন্য থাকায় এবং পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত দরিদ্র মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা মিলছে না। অনেক সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা প্রদানেও দীর্ঘসূত্রতা দেখা দেয়। এছাড়া ওষুধ সংকটের কারণে রোগীদের বাইরে থেকে চড়া দামে প্রেসক্রিপশনের ওষুধ কিনতে হচ্ছে। হাসপাতালের ভেতরের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থার বেহাল দশার কারণে রোগীদের ভোগান্তি আরও বহুগুণ বেড়ে গেছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা সাংবাদিকদের জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন মহকে লিখিতভাবে জানানো হয়েছে। খুব শীঘ্রই এই সংকট নিরসন করে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা আশ্বস্ত করেন। তবে সাধারণ রোগীদের দাবি, শুধু আশ্বাসে কাজ হবে না, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই কেবল এই জনদুরভোগ দূর করা সম্ভব।
আরববাংলা টিভি/ডেস্ক