সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে বেসামরিক মানুষের ওপর প্রাণঘাতী বিমান হামলায় অংশ নেওয়ার অভিযোগে নয়জন সাবেক সামরিক পাইলটকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন যারা ওই সময়ে নির্বিচারে বিমান হামলা পরিচালনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গণমাধ্যমকে জানান হয়েছে যে, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আসাদ সরকারের পতনের পর থেকেই দেশটিতে গত এক দশকে সংঘটিত বিভিন্ন নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জোরালো হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবির মুখে এই পাইলটদের আটক করা হলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সাধারণ নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ও ব্যারেল বোমা ব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই বিষয়টিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আরববাংলা টিভি/ডেস্ক