শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামে স্ক্যামিং সন্দেহে ৬২ বিদেশি নাগরিক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অনলাইন স্ক্যামিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীন, পাকিস্তান ও লাওসসহ বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বিদেশি নাগরিকদের একটি দল সন্দেহজনক কার্যক্রম চালিয়ে আসছিল। তারা স্থানীয় লোকজনের সঙ্গে মেলামেশা করত না এবং রাতের বেলা ফ্ল্যাটগুলোর ভেতরে তীব্র আলো জ্বালিয়ে বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ব্যস্ত থাকত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং অনলাইন প্রতারণা ও স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।

আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ, মোবাইল ফোন এবং স্ক্যামিংয়ে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে দেশের ভেতর অন্য কোনো অপরাধী চক্র বা কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক অপরাধ চক্রগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে আস্তানা গেড়ে এ ধরনের সাইবার অপরাধ চালাচ্ছে। তাদের মূল হোতাদের খুঁজে বের করতে এবং পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD