কাঁচামালের ক্রমাগত মূল্যবৃদ্ধি, উৎপাদন খরচের তুলনায় ন্যায্য রপ্তানি মূল্য না পাওয়া এবং বহুমুখী সংকটের কারণে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়ার রপ্তানিজাত মাটির টালি শিল্প আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। গত পাঁচ বছরের ব্যবধানে এই অঞ্চলের অন্তত ৭০ শতাংশ টালি কারখানা বন্ধ হয়ে গেছে। একসময়ে বিশ্ববাজারে এই টালির ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে নীতিনির্ধারণী সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পটি ধুঁকছে।
স্থানীয় উদ্যোক্তারা গণমাধ্যমকে জানান, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাশাপাশি মাটি সংগ্রহের খরচ বহুগুণ বেড়ে গেছে। অথচ আন্তর্জাতিক বাজারে পণ্যের যে মূল্য নির্ধারণ করা হয়, তাতে উৎপাদন খরচই ওঠে না। এর ফলে অনেক কারখানা মালিক পুঁজি হারিয়ে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। শ্রমিকরাও পড়েছেন চরম উৎকণ্ঠায়।
এই ঐতিহ্যবাহী ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ব্যাংক ঋণের সহজ শর্তে প্রাপ্তি, ভর্তুকি মূল্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই শিল্প চিরতরে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক