সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চিহ্নিত মাদক কারবারি ফরিদা খাতুন উজ্জলার বসতবাড়িতে উত্তেজিত জনতার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এই বাস্তব ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে গণমাধ্যমকে জানান স্থানীয়রা।
এলাকাবাসী আরও উল্লেখ করেন যে, অপরাধ আড়াল করার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক