যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আল জুহান নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল জুহান ওই গ্রামের জনি আহমেদের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শিশু আল জুহান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামীণ জনপদে শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
আরববাংলা টিভি/ডেস্ক