লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এসব অনিয়মিত বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই আটকে পড়া বাংলাদেশীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ লিবিয়ায় বিভিন্ন সময় মানবপাচারকারীদের চক্রের ফাঁদে পড়ে নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছিলেন এই নাগরিকরা। ডিটেনশন সেন্টারগুলোতে মানবেতর জীবনযাপন করা এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল কূটনৈতিক মিশনগুলো।
বিমানবন্দরে অবতরণের পর ফিরে আসা এসব প্রবাসীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় সরকারের পক্ষ থেকে। এছাড়া পরবর্তীতে তাদের নিজ নিজ বাড়িতে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয়। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানান।
এ ধরণের বেআইনি অভিবাসন ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সাথে লিবিয়া বা অন্যান্য দেশের ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত না করার জন্য সাধারণ মানুষের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক