মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিমানবন্দরে সেবা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত দিনগুলোতে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। বিশেষ করে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতিশ্রুতি দিয়েও সময়মতো চাকরি নিশ্চিত না করার কারণে অনেক প্রবাসী চরম দুর্দশার মধ্যে পড়েছেন।
এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিমানবন্দরে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এছাড়া, অভিযুক্ত লাইসেন্সধারী এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে লাইসেন্স স্থগিত বা বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য, তাই বৈদেশিক কর্মসংস্থান খাতকে পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আনতে সরকারের এই পদক্ষপ অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে যেন কোনো শ্রমিক বিদেশে গিয়ে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক