নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে যুবদল নেতার পরিবারের সদস্যরা বাড়ির প্রধান ফটকের সামনে একটি প্যাকেট দেখতে পান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, জ্বলন্ত অবস্থায় থাকা আগরবাতি, গোলাপজলের শিশি এবং একটি চিরকুট দেখতে পান তারা। চিরকুটটিতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের স্লোগান ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। এই ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক