শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ উপায়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয়দের জোরালো দাবি, চেঁচরীরামপুর ইউনিয়নের এই জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশতাধিক চুল্লিতে দিনরাত কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, এই অবৈধ কয়লা তৈরির চুল্লিগুলো থেকে নির্গত ঘন কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে পুরো এলাকার বাতাস দূষিত হয়ে পড়ছে। এর ফলে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষের শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং বিভিন্ন জটিল রোগ দেখা দিচ্ছে। পরিবেশবাদীরা আশঙ্কা করছেন যে, এভাবে নির্বিচারে বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশ দূষণ চলতে থাকলে অচিরেই গোটা অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে এবং জনস্বাস্থ্য চরম বিপর্যয়ের শিকার হবে।

সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অবিলম্বে এই অবৈধ চুল্লিগুলো গুঁড়িয়ে দিতে এবং পরিবেশ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD