ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার সরকারি উদ্যোগ ঠেকাতে টানা দ্বিতীয় রাতেও মসজিদ চত্বরে অবস্থান নিয়েছেন শত শত স্থানীয় মুসলিম জনতা। প্রশাসনের যেকোনো ধরনের বেআইনি পদক্ষেপ প্রতিহত করতে মসজিদের ভেতরে ও বাইরে রাত কাটাচ্ছেন তারা।
ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনা রক্ষা করতে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি উজ্জয়নীতে এক তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। মসজিদের ঠিক বাইরে প্রশাসনের বুলডোজার প্রস্তুত রাখা হলেও, মানুষের দুর্ভেদ্য মানববলয় এবং ব্যাপক উপস্থিতির কারণে বুলডোজার দিয়ে কোনো ধরনের ভাঙচুর চালাতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় মুসল্লিদের জোরালো প্রতিবাদের মুখে প্রশাসন সাময়িক পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।
পরিস্থিতি থমথমে থাকায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয় মুসল্লিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের ঐতিহাসিক ইবাদতখানার একটি ইটও ভাঙতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই ধর্মীয় স্থাপনার পবিত্রতা ও অস্তিত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক