লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রোববার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় গ্রাহক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বশীল পদে থেকে এমন প্রকাশ্য ঘুষ লেনদেন ও দুর্নীতির ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিল পাসের বিনিময়ে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এই ধরনের অনিয়মের চিত্র গোপনে ধারণ করা হয় এবং রোববার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংবাদকর্মীরা এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে বিদ্যুৎ অফিস চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক