শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

মাধবপুরের এসিল্যান্ডের সেলফি ভাইরাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ

সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততার ফাঁকে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মৈত্রী রায়। চুনারুঘাটের চণ্ডীছড়া চা-বাগানে সম্প্রতি তোলা তার কিছু সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা যায়, গত কয়েক দিন ধরে সরকারের উচ্চপদস্থ মন্ত্রীদের বিভিন্ন উন্নয়নমূলক সফর ও সরকারি কর্মসূচি পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এমনি এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে দায়িত্ব পালনের ফাঁকে সামান্য বিরতি পেয়েছিলেন এই নারী কর্মকর্তা। সবুজ পাহাড় ও চা পাতার অপরূপ সৌন্দর্যে ঘেরা চণ্ডীছড়া চা-বাগানের পরিবেশ তাকে মুগ্ধ করে। সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তিনি নিজের একটি সেলফি তুলেন, যা পরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, সবুজ চা বাগানের মনোরম ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত সতেজ ও প্রফুল্ল মেজাজে রয়েছেন ওই কর্মকর্তা। স্থানীয় গণমাধ্যমকে জানান, কাজের চাপের মাঝেও এমন প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে কিছুটা মানসিক শান্তি দেয়। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন নান্দনিক মুহূর্তের বহিঃপ্রকাশ সাধারণ মানুষের মধ্যেও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এই ছবির নিচে প্রশংসাসূচক মন্তব্য করেছেন এবং কাজের ফাঁকে এমন রিফ্রেশমেন্টের প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD