বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. আসিফ মালেককে সহসভাপতি করা হয়েছে। দেশের ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল করতে এবং যুবসমাজকে শারীরিক গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এএম গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রখ্যাত বডিবিল্ডিং খেলোয়াড় ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান নয়ন। দেশের শরীর গঠন ক্রীড়ার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক সাফল্য অর্জনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়ামোদিরা।
নতুন নেতৃত্ব পাওয়ার পর ফেডারেশনের কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং নিয়মিত জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে বলে মনে করছেন বডিবিল্ডিং সংশ্লিষ্টরা। অতীতে যারা দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের শরীর গঠন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান কমিটির।
আরববাংলা টিভি/ডেস্ক