কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মহৎ উদ্দেশ্যে পরিচালিত অভিযানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিযান চলাকালীন সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ওই সদস্য গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার প্রাণহানি ঘটে। দেশমাতৃকার টানে জীবন উৎসর্গ করা এই বীর সেনার আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উক্ত অভিযানে শুধু সন্ত্রাসীদের দমনই করা হয়নি, বরং পাচারকারীদের আস্তানা থেকে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন অসহায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত ৫ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক