পুলিশের পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার বা এএসপি পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা। বৃহস্পতিবার ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দীর্ঘদিনের কর্মদক্ষতার মূল্যায় হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকেও তাদের অভিনন্দন জানানো হয়েছে।
এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া নিয়মিত করা হবে। তারই ধারাবাহিকতায় এই ৬৭ জন পরিদর্শককে এএসপি পদে উন্নীত করা হলো। খুব শীঘ্রই পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হবে বলে আশা করা যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বিধানের ক্ষেত্রে এই নতুন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক