হরমুজ প্রণালি ও উপসাগরে যুদ্ধের সময় জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করার পরিকল্পনা করছে ইরান। আর এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। সম্প্রতি দেশটির নৌশক্তি ও সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত এল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই পদক্ষেপ নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান বৈরিতা আরও চরম আকার ধারণ করতে পারে। জব্দকৃত জাহাজগুলোর মালিকানা এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা নিয়ে ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। তেহরানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ এবং পণ্য পরিবহনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় বেশ কয়েকটি বিদেশি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরানের রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এসব জাহাজ আটক করা হয়েছিল বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। বর্তমান পরিস্থিতিতে এই জাহাজগুলো নিলামে তোলা বা অন্য কোনো উপায়ে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করার কৌশল নিয়েছে দেশটির নীতিনির্ধারক মহল।
আরববাংলা টিভি/ডেস্ক