বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বদলির আবেদন ৫ শিক্ষকের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলার ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির কারণে বিদ্যালয়টির পাঁচ জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের অধীনে কাজ করা নিয়ে নিজেদের চরম নিরাপত্তাহীনতা ও মানসিক অস্বস্তির কথা জানিয়েছেন। তারা অবিলম্বে এই পরিবেশ থেকে মুক্তি পেতে এবং অন্যত্রে বদলি চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।

শিক্ষকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, অভিযুক্ত প্রধান শিক্ষকের এ ধরনের আচরণ শুধু বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকেই মারাত্মকভাবে ব্যাহত করছে না, বরং শিক্ষক সমাজের মর্যাদাকেও ক্ষুণ্ণ করছে। বারবার এ বিষয়ে স্থানীয়ভাবে প্রতিকার পাওয়ার চেষ্টা করেও কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত তারা লিখিত অভিযোগের পথ বেছে নেন। ঘটনার পর থেকেই পুরো উপজেলাজুড়ে শিক্ষক সমাজ এবং স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক শিক্ষার মতো একটি ভিত্তিমূলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। উপজেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে যে, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD