পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটকের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বাড়িতে রাতের অভিযান, জোরপূর্বক আটক ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে ইমরান খানের পরিবার। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের ইসলামাবাদমুখী দেশব্যাপী কর্মসূচির কয়েক দিন আগে এই ঘটনা ঘটায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ইমরান খানের পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই রাতে বাড়িতে প্রবেশ করে এবং আতঙ্ক সৃষ্টি করে। এই দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই নেতৃত্ব। তারা অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার রাজনৈতিকভাবে দিশেহারা হয়ে শান্তিপূর্ণ আন্দোলন দমানোর জন্য রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবহার করছে।
বিশ্লেষকদের মতে, কারাবন্দি ইমরান খানের দল পিটিআইয়ের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন থামানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন পিটিআইয়ের শীর্ষস্থানীয় নেতারা। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনা নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক