মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

দেশে সাক্ষরতার হার বৃদ্ধি, নিরক্ষর পৌনে চার কোটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৭ দশমিক ০৯ শতাংশে উন্নীত হয়েছে। তবে শিক্ষা ও সচেতনতার ব্যাপক প্রসারের পরেও দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো সাক্ষরতার আলোর বাইরে রয়ে গেছে। সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ২২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে এবং এর মধ্যে এখনো প্রায় পৌনে চার কোটি মানুষ নিরক্ষর রয়ে গেছেন।

শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষকদের মতে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে আসা অত্যন্ত জরুরি। ঝরে পড়া রোধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন প্রকল্প চলমান থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আরও গতিশীল পদক্ষেপের ওপর জোর দেওয়া হচ্ছে।

অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতের নানা রকম অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে প্রান্তিক পর্যায়ে শিক্ষার মান কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করা সম্ভব হয়নি। বিশেষ করে কার্যকর মনিটরিংয়ের অভাব এবং উপবৃত্তি বা শিক্ষা উপকরণের সঠিক বণ্টনে অনিয়মের অভিযোগ ছিল দীর্ঘদিনের। তবে বর্তমান সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মহল কাজ করে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান বিশেষজ্ঞরা।

দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরক্ষরতার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, সঠিক পরিকল্পনা, বাজেট বরাদ্দ এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে অচিরেই দেশের শতভাগ মানুষ সাক্ষরতার সুফল লাভ করতে সক্ষম হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD