মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রংপুর আইনজীবী সমিতির বিরুদ্ধে নবীন আইনজীবীদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

রংপুরে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ভর্তি ফি আদায় এবং ভোটাধিকার বঞ্চিত করতে মুচলেকা নেওয়ার প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন আইনজীবীরা। সোমবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নগরীর আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতিতে অবস্থান নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় আইনজীবীরা সমিতির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

নবীন আইনজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমিতির একটি প্রভাবশালী মহল পেশাগত অধিকার খর্ব করার পাঁয়তারা করছে। অতিরিক্ত ফি আদায়ের ফলে অনেক গরিব ও মেধাবী শিক্ষার্থী পেশায় প্রবেশ করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া ভোটাধিকার হরণের উদ্দেশ্যে অন্যায়ভাবে মুচলেকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং পেশার মৌলিক স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে এই কালাকানুন বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারী আইনজীবীরা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে যখন সব ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠিক সেই সময়ে এ ধরনের স্বৈরাচারী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির পদত্যাগ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীনদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD