মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

বাঁধনকে হেনস্তা খুনিদের কাজ: সারজিস আলম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি অভিনেত্রীর ওপর চড়াও হয়েছেন এবং তাঁর দিকে পানি ও ডিম ছুড়ে মেরেছেন। তারা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে হেনস্তা করেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম। তিনি গণমাধ্যমকে জানান, এই ধরনের হেনস্তাকারীরা মূলত পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ও খুনিদের দালাল।

সারজিস আলম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের ভেতরে ও বাইরে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সংস্কৃতি অঙ্গনের একজন প্রথিতযশা শিল্পীর ওপর এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরপশুদের মতো এই আচরণ প্রমাণ করে যে তারা দেশের স্বাধীনতা ও সংস্কৃতির শত্রু। তিনি অবিলম্বে ইতালিতে অবস্থানরত এই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এদিকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে যাওয়া একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। এর পেছনে ফ্যাসিস্ট শক্তির মদদ রয়েছে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষও সোচ্চার হয়েছেন এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD