ইতালির ভেনিসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর সম্প্রতি সংঘটিত কাপুরুষোচিত হামলা এবং হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে, বিদেশের মাটিতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা মূলত দেশের ভেতরে থাকা ফ্যাসিস্ট ও কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দোসরদের আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, বাকস্বাধীনতা ও ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতা প্রদর্শন করে প্রবাসে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ওপর হামলা কোনো সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের মানুষের ওপর চলা দমন-পীড়নের সংস্কৃতি আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
এবি পার্টির নেতৃবৃন্দ অবিলম্বে ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী ও এর নেপথ্যে থাকা কুশীলবদের চিহ্নিত করে আন্তর্জাতিক আইনের আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ইতালি প্রশাসন ও বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক