সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

হঠাৎ নিজের ‘ফাঁসি’ চাইলেন এমপি মোবাশ্বের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬ ২:৫৬ pm

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ‘ফাঁসি’ চেয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। 

রোববার (১০ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Mobasher Bhuiyan MP) হঠাৎ ফাঁসি চেয়ে পোস্ট করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তার ওই পোস্ট। 

এর আগে, গত শুক্রবার (৮ মে) নাঙ্গলকোট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিতর্কিত মন্তব্য করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। সভায় তিনি বলেন, আমি আপনাদের সহযোগিতায় এমপি হইনি। গত ১৭ বছর আপনাদের কাউকে নাঙ্গলকোট নিয়ে একটি সংবাদ করতে দেখিনি। আমার ৫৮ মাস ক্ষমতা আছে; আমি যেভাবে চাই, সেভাবেই চলতে হবে।

সভায় মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে ছবি দেখিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ক্ষমা চাইতে বলেন। এসময় অন্য সাংবাদিকরা কথা বলতে চাইলে, তাদের ধমক দিয়ে তিনি থামিয়ে দেন এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে একটি সংবাদপত্রের কাটিং যুক্ত করে ফেসবুকে মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, ‘আমার ফাঁসি চাই, এই নিউজ মনোযোগ দিয়ে পড়েন কোন শব্দের জন্য আমার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? কি ছিল এই বৈঠকের উদ্দেশ্য? এই বৈঠকে যাহা বলেছি যে উদ্যোগ নিয়েছি সব বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব। সঠিক গণমাধ্যম কর্মী চিহ্নিত করে তাদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করব হলুদ সাংবাদিকতা বন্ধ করব।’

এ বিষয়ে সোমবার (১১ মে) এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটে সাংবাদিকদের তিনটি গ্রুপ রয়েছে। আমি চেয়েছি পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠন করতে। একটা কমিটিতে সবাই অন্তর্ভুক্ত হবে। কিন্তু তারা আমার কথার ভুল ব্যাখ্যা করে উল্টো আমার বিরুদ্ধে নিউজ করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট যেই হোক, তাকে আমি ফ্যাসিস্ট বলবোই। যে সাংবাদিককে বলেছি, তার বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD