পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে। একইসঙ্গে প্রথম ইউনিটে চালু করা হয়েছে আধুনিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রযুক্তিগত সহায়তায় এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে, যা দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের ফলে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়া আরও অধিক সুরক্ষিত ও নিখুঁত হবে। এর মাধ্যমে যেকোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি এড়ানো এবং রিয়েল-টাইম ডেটা পর্যবেক্ষণ সহজতর হবে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর দেশীয় প্রকৌশলী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর কার্যকারিতা পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে নানা অনিয়মের অভিযোগ উঠলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো কৌশলগত ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই প্রকল্প খুব শীঘ্রই জাতীয় গ্রিডে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক