আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের ফেলে যাওয়া অসহায় দুই শিশুর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনায় সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। আট বছর বয়সী ইসরাত এবং ১৮ মাস বয়সী রোজা মনির হাতে শিশুখাদ্য তুলে দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুদুটির খোঁজখবর নেয়। স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যমকে জানান, এমন একটি হৃদয়বিদারক পরিস্থিতিতে পুলিশ সুপারের এই দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। অসহায় শিশু দুটি যেন কোনো ধরনের কষ্টে না থাকে, সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।
এ ধরণের মানবিক উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তার জন্ম দেয়। শিশু দুটির ভবিষ্যতের নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শিশু দুটির দেখভালের জন্য তারা সব সময় পাশে থাকবেন এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক