নোয়াখালীর সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে মো. কবির হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বেলালের দোকানের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
নিহত কবির হোসেনের পরিবার ও স্থানীয়দের দাবি, একটি কুচক্রী মহলের ইন্ধনে চুরির মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে অতিরিক্ত আঘাতের কারণে তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, বিচার নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে আরও যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে জোরদার অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে নিয়মিত মামলার প্রক্রিয়াওধীন রয়েছে বলে সাংবাদিকদের জানান পুলিশ কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক