দেশের সঙ্গীতাঙ্গনের গুণী ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনুর কণ্ঠে প্রকাশ পেল নতুন মৌলিক গান কৃষ্ণ কালা। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। দেশের সংগীতশিল্পকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের মৌলিক গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসেনজিৎ মণ্ডলের লেখা ও সুরে এই গানটির সংগীতায়োজন করেছেন আলামিন খান। গানটির কথা ও সুরের মেলবন্ধন শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে বলে আশা প্রকাশ করেছেন এর সঙ্গে যুক্ত শিল্পীরা। অন্যদিকে, গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক। ভিডিও নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নান্দনিক দৃশ্যায়ন গানটির আকর্ষণকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি গানটি জনপ্রিয় ভিডিও স্ট্রিম প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই ইউটিউবে গানটির ভিউ বাড়তে শুরু করেছে এবং শ্রোতারা কমেন্ট বক্সে শিল্পী ও কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করছেন। সংগীতশিল্পীরা গণমাধ্যমকে জানান, শ্রোতারা এ ধরনের মৌলিক ও মানসম্মত গান সাদরে গ্রহণ করলে দেশের সংস্কৃতি অঙ্গন আরও বেশি গতিশীল হবে এবং শিল্পীরা নতুন কাজে আরও বেশি উৎসাহ পাবেন।
আরববাংলা টিভি/ডেস্ক