টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণায় অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ব্রুনাইপ্রবাসী বিশিষ্ট বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ মেহেদী মাসুদ। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের শীর্ষ গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে প্রকাশিত ওয়ার্ল্ডস টপ টু পার্সেন্ট সায়েন্টিস্ট বা বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় নাম এসেছে তাঁর।
একাধিক আন্তর্জাতিক গবেষণা র্যাঙ্কিংয়ে তাঁর এই অবস্থান দেশের জন্য এক বিরাট গৌরব ও সম্মানের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিক বিজ্ঞান ও পরিবেশ সুরক্ষায় তাঁর গবেষণামূলক অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। ড. মেহেদী মাসুদ তাঁর গবেষণায় বৈশ্বিক উষ্ণতা রোধ, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই ভবিষ্যৎ গঠনে বিভিন্ন কার্যকরী মডেল উপস্থাপন করেছেন, যা বৈশ্বিক নীতিনির্ধারকদের কাছেও সমাদৃত হয়েছে।
তাঁর এই অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গবেষকদের এমন উপস্থিতি তরুণ প্রজন্মের বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন দেশের শিক্ষাবিদ ও গবেষকরা। ড. মেহেদী মাসুদ তাঁর এই সফলতার পেছনের অনুপ্রেরণা হিসেবে পরিবার, সহকর্মী এবং দেশের মানুষের দোয়ার কথা উল্লেখ করে ভবিষ্যতে গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক