ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে তেহরান আগের যেকোনো সময়ের তুলনায় আরো বিধ্বংসী ও তীব্র পাল্টা হামলার জবাব দিতে প্রস্তুত বলে গণমাধ্যমকে জানান তারা।
এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানি সামরিক বাহিনী জানায়, মার্কিন প্রশাসনের বর্তমান নীতি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এ ধরনের উসকানিমূলক মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেহরান যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো সংঘাতের জন্ম দিতে পারে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো ধরনের বাহ্যিক চাপ বা হুমকি তাদের স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে পিছু হটাতে পারবে না। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
আরববাংলা টিভি/ডেস্ক