সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা এবং দেবাশীষ নারায়ণ পালকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। এর আগে গত কয়েকদিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন অনেকে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
এদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক