চীনের অন্যতম প্রধান অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াংজু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে এই শহরে অসংখ্য মানুষ যাতায়াত করেন। এখানকার আন্তর্জাতিক গুরুত্ব অনুধাবন করে বিশ্বের বিভিন্ন মহাদেশের অন্তত ৭০টিরও বেশি দেশ ইতোমধ্যে এই শহরে তাদের কনস্যুলেট অফিস স্থাপন করেছে। তবে দীর্ঘদিনের নানা কূটনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে গুয়াংজুতে এখনও কোনো পূর্ণাঙ্গ কনস্যুলেট অফিস চালু করতে পারেনি বাংলাদেশ। এই পরিস্থিতি নিরসনে এবং প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুয়াংজুতে দ্রুত একটি কনস্যুলেট অফিস স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুয়াংজুতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা জানান, বর্তমানে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওপর পুরোপুরি নির্ভর করতে হয়। অথচ গুয়াংজু এবং এর আশেপাশের প্রদেশগুলোতে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবী বসবাস করছেন। জরুরি প্রয়োজনে কনস্যুলেট সংক্রান্ত যেকোনো সেবার জন্য বেইজিংয়ে যাতায়াত করা অত্যন্ত ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং কষ্টকর। বিশেষ করে ব্যবসায়িক ভিসা নবায়ন, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কিংবা কোনো প্রবাসী বিপদে পড়লে তাৎক্ষণিক consular সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
প্রবাসীরা আরও উল্লেখ করেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীদের এই মৌলিক ও যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাণিজ্য ও প্রবাসীর সুরক্ষার স্বার্থে গুয়াংজুতে অবিলম্বে একটি কনস্যুলেট অফিস চালু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক