সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আজ থেকে তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৩:০৪ পূর্বাহ্ণ

সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। ১৬ অক্টোবর (সোমবার) থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

অন্যদিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে হলে আমাদের তিনদিন সময় দরকার।

এদিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে। স্টেশনগুলো হলো ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

২০২২ সালেল ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD