সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সোমবার বিকাল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, স্বাস্থ্যসেবামূলক একটি প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবার সাথে জড়িত প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে যেভাবে ফ্যাসিবাদী কায়দায় লুটপাট ও নৈরাজ্য চালানো হতো, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা আজও সেই একই সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এ দেশের জনগণ আর কোনো সন্ত্রাস ও নৈরাজ্য বরদাস্ত করবে না। স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো মূলে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বিরোধী দল সবসময় সোচ্চার থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD