বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা মানুষের পাশে থেকে আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না। মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারে না। যারা মানুষকে ভালোবাসতে পারেনা তারা কখন দেশ প্রেমিক হতে পারে না।

তিনি আরও বলেন, আপনারা দেশরত্ন শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। তিনি সুস্থ ও ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকবে।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারব। আমরা দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সবসময় আছি এবং থাকব। কোনো বাধা দেশরত্ন শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনে ব্যাপক কাজ করেছেন। আপনাদের পরিশ্রমের কারণেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমি বিজয়ী হয়েছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করব। দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা একযোগ হয়ে কাজ করব।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD