চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ।
সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন ছাত্রনেতারা। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে যারা সবসময় সোচ্চার, তাদের ওপর এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা শিক্ষাঙ্গনে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারই ধারাবাহিকতায় বর্তমানেও একটি চক্র অস্থিতিশীলতা তৈরি করতে সক্রিয় রয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তারা। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও উচ্চারণ করেন খেলাফত ছাত্র মজলিসের এই শীর্ষ নেতারা।
আরববাংলা টিভি